ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার কার্যালয়ে গতকাল সৌজন্য সাক্ষাত্ করেছেন তুরস্কে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার মাসুদ মান্নান। এ সময় হাইকমিশনার মাসুদ মান্নান রেড ক্রিসেন্ট ঢাকা সিটি ইউনিটের জন্য চারটি হুইলচেয়ার হস্তান্তর করেন। মেয়র শেখ তাপস হাইকমিশনার মান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, রেড ক্রিসেন্ট দুর্যোগে মানবিক সহযোগিতা নিয়ে সব সময় মানুষের পাশে দাঁড়ায়। এটি মানবসেবায় অগ্রবর্তী একটি সংগঠন। মানুষের সহযোগিতায় এই সংগঠন নিজ কার্যক্রম পরিচালনা করে থাকে। হুইলচেয়ার চারটি শারীরিকভাবে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে থাকা চার জনকে দেওয়া হবে। এতে করে তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য আসবে। তিনি সমাজের বিত্তশালীদেরও একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় হাইকমিশনার মাসুদ মান্নান বলেন, তুরস্ক সরকারের মানবসেবাধর্মী সংগঠন সংস্থা টিকার সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষত রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট কীভাবে একতাবদ্ধ ও সমন্বিত পন্থায় দুর্দশাগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে পারে, এ বিষয়ে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ খান, এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ পারভেজ উদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।