নির্মাণাধীন লেবুখালী সেতুতে চীনাদের গাড়ি ও আবাসিক ব্যারাক ভাঙচুর

বরিশাল-কুয়াকাটা সড়কের পায়রা নদীতে নির্মাণাধীন লেবুখালী সেতুতে এক বাঙালি শ্রমিককে মারধর করার জের ধরে চীনাদের গাড়ি ও তাদের আবাসিক ব্যারাকে ভাঙচুর করা হয়েছে। ক্ষুব্ধ বাঙালি শ্রমিকরা গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটায়। এতে লেবুখালী সেতু এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন বরিশালের বাকেরগঞ্জ থানার ওসি ইনচার্জ আলাউদ্দিন মিলন।

চীনা শ্রমিকদের হামলার শিকার বাঙালি শ্রমিক হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা জুবায়ের (২৫)। তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. সাদিয়া আফরোজ জানিয়েছেন, জুবায়েরকে বেদম মারধর করা হয়েছে। হাসপাতালে জুবায়েরের সঙ্গে থাকা শ্রমিক মেহেদি জানিয়েছেন, জুবায়ের কাজ করার সময় মাস্ক পরা না থাকায় চীনা শ্রমিকরা ক্ষুব্ধ      হয়ে তাকে বেদম মারধর করেছে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনার জের ধরে বাঙালি শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কয়েক জন চীনা শ্রমিককে মারধর এবং তাদের চারটি গাড়ি ও আবাসিক ব্যারাক ভাঙচুর করে। বরিশাল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।