রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক :প্রযুক্তিমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের কাজের অগ্রগতি ও গুণমান সন্তোষজনক বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দুই দিন ধরে বিদ্যুত্ প্রকল্প কাজের অগ্রগতি, মনিটরিং ও গুণমান পর্যবেক্ষণ ও বেশ কয়েকটি সভা করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাত্কারে মন্ত্রী এ কথা জানান। তিনি আরো বলেন, ‘অগ্রগতি ও গুণমান পর্যবেক্ষণ শেষে প্রকল্পের ভবিষ্যত্ কাজের বিভিন্ন বিষয়ে একমত হওয়ার জন্য রাশিয়ানদের সঙ্গে গত দুই দিনে অনেকগুলো সভা হয়েছে। এটি রুটিন ওয়ার্কের একটি অংশ হলেও বৈশ্বিক মহামারির কারণে এর আগে বসা হয়নি। পরবর্তী ধাপের কাজগুলো নিয়ে এখন ঘনঘন বৈঠক এখানে বা রাশিয়াতে হতে পারে। রাশিয়ায় যে যন্ত্রপাতি নির্মাণ হচ্ছে এগুলো আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে বলে জানান তিনি। রাশিয়ায় যন্ত্রপাতি নির্মাণ কারখানায় আমাদের এক্সপার্ট অবস্থান করছেন জানিয়ে মন্ত্রী বলেন, হাই প্রোফাইল টিম নিয়ে আমাদের এক-দুই মাসের মধ্যে পর্যবেক্ষণের জন্য রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।’              প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, মিটিংগুলোতে প্রথমত ২০২০ সাল পর্যন্ত নির্ধারিত কাজগুলো কীভাবে এবং কী পরিমাণ সম্পন্ন হয়েছে, কোথায়ও কোনো গ্যাপ আছে কি না, সেগুলো পর্যবেক্ষণ করা হয়। দ্বিতীয়ত শিডিউলকে মাথায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্পের নির্মাণকাজ সম্পন্নের লক্ষ্যে ২০২১ সালে কী কী কাজ হবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। সিডিউল মোতাবেক প্রাথমিক কাজগুলো সম্পন্নের বিষয়েও আলোচনা হয়েছে। বাস্তবায়নের জন্য উভয় পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেসব বিষয় চূড়ান্ত হয়েছে। দ্বিপাক্ষিক মনিটরিং রুটিন ওয়ার্কের অংশ হলেও প্রকল্প বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময় ও গুণমান বজায় রাখার জন্য রাশিয়ার ঠিকাদার ও সাব-ঠিকাদারদের সভাগুলোতে উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। ২০২০ সালের কাজের অগ্রগতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে কাজ এক দিনও বন্ধ হয়নি।  এজন্য আমরা উভয় পক্ষই খুশি। 

প্রসঙ্গত, বাংলাদেশ ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও নিউক্লিয়ার বিশেষজ্ঞদের অংশ গ্রহণে রূপপুর পারমাণবিক প্রকল্পে দ্বিপক্ষীয় পর্যবেক্ষণ ও মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল ও এটমস্ট্রয় এক্সপোর্টের প্রেসিডেন্ট লকসিন।