মদিনায় কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মদিনা নগরীর একটি কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ সাত জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রাণ হারানো ছয় জনের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, চট্টগ্রামের লোহাগড়ার সাম্বিরপাড়ার মিজানুর রহমান, লোহাগড়া দরবার শরীফের দক্ষিণ শুকচারির মো. আরাফাত হোসেন মানিক, কক্সবাজারের মহেশখালীর ঘাতিভাঙ্গার ইসহাক মিয়া, আব্দুল আজিজ ও মো. রফিক উদ্দিন।

অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাস জানিয়েছে, তাদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কাজ করছে।

কনস্যুলেটের বরাত দিয়ে দূতাবাস আরো জানায়, বুধবার দিবাগত রাত ৪টার দিকে মদিনা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হেরাজ মার্কেটের কাছে একটি সোফা                 তৈরির কারখানায় ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ছয় বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, মৃতদের ক্ষতিপূরণ আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। রাষ্ট্রদূত জেদ্দাস্থ কনস্যুলেটের শ্রম কাউন্সেলরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাংলাদেশিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে দূতাবাসকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া স্থানীয় পুলিশ, প্রশাসন ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিহতদের জন্য ক্ষতিপূরণ আদায় ও মৃতদেহ দ্রুত দেশে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।