মির্জাপুরে বিদ্যুত্ অফিসে পুলিশ পরিচয়ে ফিল্মি স্টাইলে ডাকাতি

নির্মাণাধীন ৩৩ কেভি পাওয়ার গ্রিড বিদ্যুত্ অফিসে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় পরেশ নামে এক প্রকৌশলী আহত হন। তিনি হাসপাতালে চিকিত্সাধীন। সংঘবদ্ধ ডাকাত দল উক্ত অফিসে ঢুকে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াইল নয়াপাড়া নামক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট মাঠে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার নির্মাণাধীন প্রকল্পের ৩৩ কেভি পাওয়ার গ্রিড বিদ্যুত্          অফিসের নিরাপত্তাকর্মী মো. বাবুল হোসেন অভিযোগ করেন গত বুধবার সন্ধ্যায় এক লোক নিজেকে মির্জাপুর থানার নতুন পুলিশ অফিসার পরিচয় দিয়ে প্রথমে ভিতরে ঢুকে। তিনি তাকে প্রকৌশলী পরেশ সরকারের কাছে নিয়ে গেলে পিস্তল উঁচিয়ে দুই জনকেই জিম্মি করে ফেলে। এর পর ১০-১২ জনের ডাকাত দল অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করে অফিসের দুইটি ইউনিটে কর্মরত ২০-২২ জন কর্মকর্তা-কর্মচারীর হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে  মালামাল লুট করতে থাকে। ডাকাত দলের সদস্যরা দুই তিনটি পিকআপ ভ্যান ভিতরে ঢুকিয়ে বিদ্যুত্ সঞ্চালন লাইনের মূল্যবান যন্ত্রপাতি, সিলেস, আরপিসি, এনার্জিপ্যাক, কম্পিউটার, তার, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় চলে ডাকাতি। নগদ টাকা ও মালামাল নিয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে জিম্মি দশা থেকে তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে পিজিসিবির সুপারভাইজার মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি মির্জাপুর থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।