কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর হত্যায় কাউন্সিলর সাত্তার তিন দিনের রিমান্ডে

কুমিল্লার চাঞ্চল্যকর যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলার আসামি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুস সাত্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিচারক গোলাম মাহবুব খান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

এর আগে গত ২৬ জানুয়ারি রাতে ঢাকার শাহবাগ এলাকা থেকে জিল্লুর হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি সাত্তারকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই সূত্র জানায়, কাউন্সিলর সাত্তার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে পূর্বে গ্রেফতার হওয়া আসামি আনোয়ার আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা যাচাই-বাছাই করে দেখছে পিবিআই। জানা গেছে, পূর্বশত্রুতা, চৌয়ারা বাজারে আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্বের সূত্র ধরে গত ১১ নভেম্বর সকালে মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা যুবলীগ নেতা জিল্লুরকে নগরীর চৌয়ারা পুরাতন বাজার এলাকায় এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় স্থানীয় আরেক কাউন্সিলর আবুল হাসানকে ১ নম্বর ও সাত্তারকে ২ নম্বর আসামি করা হয়। থানা পুলিশের পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।