বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম (৫০) আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভূঞা জিরো পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
কাদের মির্জা বলেন, চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে এক দল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় সেলিম আহত হন। দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশে এ হামলা করেছে। পরে ফেসবুক লাইভে কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। না হলে আপনার সব অর্জন এরা ধ্বংস করবে। দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমদ বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।