‘ডার্ক ফোনিক্স’

তা হ মি না  মি লি

 

হলিউডের সাড়া জাগানো সুপারহিরো সিনেমার মধ্যে ইদানীং এক্সম্যান বেশ সাড়া তুলেছে। এক্সম্যান সিরিজের প্রতিটি সিনেমা দর্শকপ্রিয়তা লাভ করেছে। এক্সম্যান সিরিজের ২২ নম্বর সিনেমা ‘ডার্ক ফোনিক্স’ এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে। আগামী জুনে বিশ্বব্যাপী মুক্তি পাবে মুভিটি। সুপার হিরো ফিল্মের জয়জয়কার চলছে হলিউডে বেশ কয়েক বছর ধরেই। ‘এক্সম্যান’ সিরিজের নতুন সিনেমা ‘ডার্ক ফোনিক্স’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, মাইকেল ফ্যাসবেন্ডার, জেনিফার লরেন্স, নিকোলাস হল্ট, সোফি টার্নার, টাই সেরিডান, আলেক্সান্দ্রা শিপ, কোডি ম্যাকফি, ইভান পিটারস, জেসিকা চেস্টাইন প্রমুখ। এ মুভিতে ফোনিক্স চরিত্রে অভিনয় করেছেন সোফি টার্নার। এবারের পর্বে ফোনিক্স চরিত্রটিকে বেশ গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে। এক্সম্যান কেভিয়ারের সবচেয়ে বিশ্বস্ত শিষ্যদের একজন ফোনিক্সকে এ মুভিতে অনেক বেশি পাওয়ারফুল রূপে তুলে ধরা হয়েছে। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা ইংরেজ অভিনেত্রী সোফি টার্নারের ক্যারিয়ারে বিরাট একটি প্রাপ্তি হিসেবে গণ্য হচ্ছে। যদিও রুপালি পর্দায় তার বিচরণ খুব বেশিদিনের নয়। ২২ বছর বয়সী শোফির অভিনয় জীবন শুরু। ২০১৩ সালে টেলিভিশন ফিল্ম ‘দ্য থার্টিন্থ টেল’-এর মাধ্যমে। একই বছরে সিনেমার পর্দায় তার অভিষেক হয়েছিল ‘অ্যানাদার মি’ মুভির মাধ্যমে। অ্যাকশন কমেডি সিনেমা ‘বেয়ারলি লিথাল’ মুভিতে তাকে দেখা যায়। যা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এক্সম্যান সিরিজের সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি ২০১৬ সালে। এক্সম্যান সিরিজের ‘অ্যাপোক্যালিপস’ সিনেমায় জিন গ্রে ওরফে ফোনিক্স চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। গত বছর তাকে দেখা গেছে ‘জোসি’, ‘টাইম ফ্রিক’, ‘অ্যালেন’ মুভিগুলোতে। ইংল্যান্ডের নর্দাস্টনে জন্ম তার। তার মা ছিলেন নার্সারি স্কুলের শিক্ষক, বাবা একটি কোম্পানিতে চাকরি করতেন। দু বছর বয়সে পরিবারের সঙ্গে চেস্টারটনে পাড়ি জমান। সেখানে প্রিপারেটরি স্কুলে পড়াশোনা করেন ১১ বছর বয়স পর্যন্ত। এরপর কিংস হাইস্কুল ফর গার্লসে ভর্তি হন। স্কুলে পড়ার সময়েই প্লেবক্স থিয়েটার কোম্পানিতে যোগ দিয়েছিলেন। যখন তার বয়স মাত্র তিন, তখন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিজের শৈশব সম্পর্কে এক সাক্ষাত্কারে সোফি টার্নার বলেন, ‘আমার ছোটবেলাটা কেটেছে অনেক আনন্দের মধ্যে। আজও সেই দিনগুলোর কথা মনে হলে উচ্ছ্বাসে হারিয়ে যাই আমি।’ মাত্র ১৫ বছর বয়সে সোফি টার্নার এইচবিওর সাড়া জাগানো ড্রামা সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ সানশা স্টার্ক চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। এই সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন কিশোরী বয়সেই। ‘গেমস অব থ্রোনস’ সিরিজে অভিনয়ের জন্য বেশ অনেকগুলো পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি। ছোট পর্দায় সোফি টার্নারকে আরও দেখা গেছে ‘দ্য থার্টিন্থ টেল’ সিরিজে। মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এত অল্প বয়সে খ্যাতির শীর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাকে হলিউডের উদীয়মান সেলিব্রিটি হিসেবে এরমধ্যে গণ্য হচ্ছেন তিনি। গত ২০১৭ সালে ‘ওম্যান ফর ওম্যান’ সংগঠনের একজন পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে সম্পৃক্ত করেন সোফি। যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়ায় সংগঠনটি। এরকম আরও কিছু সামাজিক সংগঠনের সঙ্গে ঁজড়িত এই হলিউডি তারকা। ‘নারীদের কল্যাণে যথাসম্ভব কাজ করতে চাই। আমার জনপ্রিয়তাকে সমাজ সেবায় ব্যবহার করতে চাই। এর মাধ্যমে যদি অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত নারীরা উপকৃত হয় তাহলে আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব’, সোফি টার্নার বলেন। ‘দ্য গার্ল হু ফেল ফ্রম স্কাই’ আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সিনেমায় জুলিয়ান কোয়েপকি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোফি টার্নার। এ মুভিটি প্রযোজনাও করবেন তিনি। গত বছর মার্চ এবং এপ্রিলে টরেন্টোতে নতুন ইন্ডি মুভি ‘হেভি’র শুটিং করেছেন। সবমিলিয়ে এই ব্রিটিশ অভিনেত্রী এক্সম্যান সিরিজের সিনেমার পাশাপাশি অন্যান্য সিনেমায় নিজেকে ব্যস্ত করে তুলছেন।