জাজিরা ও রংপুরে দুই গৃহবধূকে ধর্ষণ

শরীয়তপুরের জাজিরা ও রংপুর মহানগরীর সাহেবগঞ্জে দুই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। জাজিরার ঘটনায় গৃহবধূকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে নীলফামারীতে ধর্ষণের দায়ে এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।

শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও করার অভিযোগ পাওয়া গেছে। ঐ ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা করে গ্রাম্য সালিশে বিচার শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ইউপি সদস্য, মাতুব্বর ও ধর্ষণের ভিডিও ধারণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুদু মিয়া খাঁকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মূলনা ইউনিয়নের চরলাউখোলা বালিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার, মাতুব্বর মোকসেদ মাদবর ও ধর্ষণের ভিডিও ধারণকারী নয়ন মোড়ল। 

রংপুর : রংপুর মহানগরীর সাহেবগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বিকালে হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় ঐ গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীতে ধর্ষণের দায়ে ওয়াজেদ আলী টুকু নামে এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক আহসান তারেক এই আদেশ দেন। একই মামলার আসামি অন্য দুই ভাই ওহাব ও বাহাদুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

ফতুল্লায় শিশু ধর্ষণের

অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ণগঞ্জ : ফতুল্লায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আব্দুল মান্নান মাসদাইর বেকারীর মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, শিশুটির মা বাসাবাড়িতে কাজ করে, সকালে শিশুটি তার বাসার সামনে খেলতে গেলে, আব্দুল মান্নান শিশুটিকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পতেঙ্গার মাঠ বলে পরিচিত পার্শ্ববর্তী  মাঠে নিয়ে ধর্ষণ করে।