ঢাকার বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত দুই বছর মেয়াদি ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন ৪০ জন তরুণ শিক্ষার্থী। এই কর্মসূচির আওতায় ইংরেজি দক্ষতা জোরদার করার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ৪০ জন গ্র্যাজুয়েটকে অভিনন্দন জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল মিলার। তিনি মহামারির মধ্যেও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সফলভাবে কোর্স সম্পন্ন করা ২০ জন তরুণী ও ২০ জন তরুণের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে ও লেখাপড়া চালিয়ে যেতে উত্সাহিত করেন। গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম একটি দুই বছর মেয়াদি ইন্টারঅ্যাক্টিভ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা ১৩ থেকে ২০ বছর বয়সি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখানোর পাশাপাশি আমেরিকান সংস্কৃতি ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার ভিত্তি গড়ে দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণ ও কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নিজেকে আরো বেশি যোগ্য করে তুলতে পারেন। বর্তমানে মোট ১৩২ জন শিক্ষার্থী ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অ্যাক্সেস প্রোগ্রামে ভর্তি রয়েছেন। চলতি বছর আরো ২০০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে ভর্তি হবেন। ২০০৪ সালে শুরু হওয়া এই প্রোগ্রাম থেকে ইতিমধ্যে ১ হাজার ২০০-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে গ্র্যাজুয়েট হয়েছেন।