কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে ইস্পাহানির সাবেক অধ্যক্ষ নিহত

রাজধানীর কাওরান বাজারে ট্রেনের নিচে কাটা পড়ে ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নিরোদ বরণ রায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনি ফোনে কথা বলছিলেন।  নিরোদ বরণের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। পরিবার নিয়ে রাজধানীর কল্যাণপুরে থাকতেন তিনি। 

মগবাজারের ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মির্জা আনোয়ার হোসাইন জানান, গত জানুয়ারি মাসে অবসরে যান নিরোদ বরণ। সকালে তিনি বাসা থেকে মগবাজারের ঐ কলেজে যাওয়vi পথে জ্যামের কারণে গাড়ি থেকে ফার্মগেটে নেমে যান। এরপর রেললাইন দিয়ে হেঁটে মগবাজার যাওয়ার সময় পথে কাওরান বাজারে শুঁটকিপট্টিতে রেললাইনে দুদিক থেকে দুটি ট্রেন আসে। এ সময় তিনি এক পাশের ট্রেন দেখতে পেলেও ফোনের দিকে মনোযোগ থাকায় কমলাপুরের দিক থেকে আসা ট্রেনটি দেখতে পাননি। ফলে তিনি ঐ লাইনে উঠতে যান। তখন ঐ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি রকিব-উল হাসান জানান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।