জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি দিনব্যাপী সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মণ্ডল। অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মো. রুহুল আমিন, মোছা. মুসারাত জাহান, সৈয়দপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন জানান, বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯-এর আয়োজন করা হয়। এতে সৈয়দপুর উপজেলার ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা।

‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ, পঞ্চম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ এবং অষ্টম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত ‘গ’ গ্রুপ। মোট ২০১টি ইভেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে শিক্ষাবিষয়ক প্রতিযোগিতায় ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কেরাত, শিশুসাহিত্য:ধারাবাহিক গল্প বলা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল নজরুলসঙ্গীত, ছড়া গান, ভাব সঙ্গীত, লোকসঙ্গীত, হামদ /নাত, উচ্চাঙ্গসঙ্গীত তবলা, সেতারা/ সেতার সরদ/ বাঁশি/কি-বোর্ড বেহালা/গিটার। এছাড়াও ছিল নৃত্য, চিত্রাঙ্কন, শিল্প, বিজ্ঞান যন্ত্র, সৃজন ও ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা বিচারকের দায়িত্ব পালন করেন।  আর প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।