বিনোদন রিপোর্ট
দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। পাঁচফোড়ন একটি ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারো ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়নে নব দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা সারিকা ও সাঈদ বাবু। পাঁচফোড়নটিতে মূল গান রয়েছে ৩টি। ‘পিরিতি কাঁঠালের আঠা’ শীর্ষক জনপ্রিয় লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ। গানটির সংগীতায়োজন করেছেন জেভিয়ার টয়। দূরবীন ব্যান্ড নিয়ে একটি আঞ্চলিক গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শহীদ। গানটির কথা ও সুর করেছেন শহীদ নিজেই। আর একটি গান গেয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রতিক হাসান ও ঐশী। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। ঢাকা ও ঢাকার আশেপাশের মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে।
পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে। এবারো ভালোবাসা ও করোনা সচেতনতার ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, আমিন আজাদ, জাহিদ শিকদার, শাহেদ আলী, সাবরিনা নিসা, সাজ্জাদ সাজু, রেহান অবিদ, ইমিলা, ফাহিম, নাফা, সেঁজুতিসহ অনেকে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে আগামীকাল রাত ১০টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।