আমি আশাবাদী মানুষ: শহীদুল আলম সাচ্চু

বিনোদন রিপোর্ট

 

এদেশের শক্তিমান অভিনেতা শহীদুল আলম সাচ্চু বঙ্গবন্ধু বায়োপিকে তার প্রথম দফার শুটিং শেষ করে ফিরলেন। টানা কয়েকদিন শুটিং শেষে ফেরার পর কাজটি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘খুব বেশি গল্প বলার তো কোনো অনুমতি নেই। আর পিরিওডিক্যাল মুভি, তার ওপরে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি, বিশাল ক্যানভাস। তাই আমাদের ইউনিটের প্রত্যেকের ভেতরেই এক দারুণ কৌতুহল কাজ করছিল। দেশের সেরা চলচ্চিত্রের কাজটিতে অংশ নিতে পেরে আমারও ভালো লাগছে শুধু এটুকুই বলবো।’

বঙ্গবন্ধু বায়োপিকে শের-এ-বাংলা ফজলুল হকের চরিত্রে রূপদান করছেন তিনি। প্রথম দফার কাজ শেষ করে ফিরলেও আরো কিছু শুটিং এর কাজ বাকি রয়েছে, যা খুব জলদিই কলকাতা বা অন্য কোনো লোকেশনে শেষ হবে বলে জানান তিনি।

শহীদুল আলম সাচ্চু এদেশের নাট্যশিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি মঞ্চ, চলচ্চিত্র ও টিভিতে অভিনয়ের বয়স তার দীর্ঘসময়। এখনকার এই শোবিজ প্রসঙ্গে বলেন, ‘আমাদের টিভি নাটক বলি আর চলচ্চিত্র বলি, এই যে একে অপরের সঙ্গে না থাকতে থাকতেই আজ এমন অবস্থা। তবুও আমি আশাবাদী। তরুণরাই এই অবস্থানকে ফেরাবে বলে আমার বিশ্বাস।’

অভিনয়, নিজের প্রডাকশন হাউজ দেখাশোনার সঙ্গে বিগত করোনা লকডাউনে ‘একদল গান গল্পগুজব’ শিরোনামের নিয়মিত ভার্চুয়াল লাইভ সেশনের নির্দেশনা ও সঞ্চালনা করছেন দু-বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা। এ প্রসঙ্গে সাচ্চু বলেন, ‘এটা এই লকডাউন কালেই ভাবনা ও এর প্রয়োগ। আর মঞ্চ, সংগঠন করা মানুষ তো আমি, তাই ঘরে বসে কী করা যায় সেই ভাবনা থেকেই শুরু করা। দারুণ সাড়া পাচ্ছি। এক ধরনের নতুন আনন্দও অনুভূত হচ্ছে।’