কমলগঞ্জে চুঙ্গা পিঠা উত্সব অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গাপিঠা। এই ঐতিহ্যকে ধরে রাখতে বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারে কবি জয়নাল আবেদীনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চুঙ্গাপিঠার উত্সব। আলোচনা, গান, গল্প, কৌতুক, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উত্সব চলে মধ্য রাত পর্যন্ত। আয়োজক জয়নাল আবেদীন জানান, পিঠা তৈরির জন্য বাঁশের মধ্যে চালের গুঁড়ি প্রবেশ করানো হয়। পরে বিছিয়ে রাখা খড়ের মধ্যে চালের গুঁড়িভর্তি বাঁশের চুঙ্গা রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় আধা ঘণ্টা সময় পর পিঠা তৈরি হয়।