মহাদেবপুর-পত্নীতলা মহাসড়ক বেহাল

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

পিচ উঠে ও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়ক। সরেজমিনে দেখা যায়, উপজেলার শিবরামপুর মোড় থেকে পত্নীতলা উপজেলার ঠুকনিপাড়া মোড় পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। নওগাঁ জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত এক বছরে এ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৭০ জন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোজ্জাম্মেল হক জানান, এ আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণসহ নতুন করে নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।