ট্রলিতে বালু পরিবহন
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় বালুবোঝাই ট্রলি চলাচলের কারণে গ্রামীণ সড়কের বেহাল দশা। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের ভেতর দিয়ে একটি সড়ক গেছে তিস্তার চরাঞ্চলে। এই সড়কটি সংযুক্ত হয়েছে রংপুর-কাকিনা সড়কের এসকেএস বাজারে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত লোক হেঁটে, সাইকেল, মোটরসাইকেল কিংবা ভ্যানে চড়ে যাতায়াত করে থাকে। কিন্তু মাসাধিক কাল থেকে এই সড়কের ওপর দিয়ে প্রতিদিন তিস্তার চরাঞ্চল থেকে ট্রলিতে করে বালু পরিবহন করছে এক শ্রেণির লোক। এ কারণে সড়কটির এক থেকে দেড় কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। স্থানীয় লোকজন বলছেন, বৃষ্টি হলেই এই সড়ক দিয়ে চলাচল করা দায় হয়ে যাবে। খানাখন্দে পানি ভরে থাকবে। এ প্রসঙ্গে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ট্রলিতে করে বালু পরিবহনের কারণে এই অবস্থা হয়েছে সড়কের। কে যে কখন বালু নিয়ে যায় খবর কেউ রাখে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, বিষয়টি আমি দেখব।