জশুয়া-জোসেফের সেঞ্চুরির আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার

ম্যাচের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ কম রানে বেঁধে ফেলার আশা করেছিল বাংলাদেশ। গতকাল দ্বিতীয় দিনে স্বাগতিকদের আশায় গুড়েবালি করে দিয়েছে জশুয়া ডি সিলভা ও আলজারি জোসেফের ব্যাটিং দৃঢ়তা। দিনের ১২তম ওভারে এনক্রুমা বনার বিদায় নিলেও বাংলাদেশকে হতাশায় পুড়িয়েছেন তারা। সপ্তম উইকেটে তাদের ১১৮ রানের জুটিতেই উইন্ডিজদের প্রথম ইনিংসের স্কোরটা ৪০০ ছাড়িয়েছে। ৪০৯ রান করে প্রথম ইনিংসে অলআউট হয়েছে দলটি।

যদিও দিন শেষে সেঞ্চুরির আক্ষেপে পুড়ছেন জশুয়া, আলজারি জোসেফ। দুই জনই ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। কিন্তু দ্বিতীয় হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে জশুয়া ৯২ রান করেছেন। রাহীর বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া জোসেফ ৮২ রান করেছেন।

গতকাল দিন শেষে ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া প্রসঙ্গে জশুয়া ডি সিলভা বলেছেন, ‘আমি বর্ণনা করতে পারব না কেমন লাগছে বা ৮ রান আগে আউট হওয়াটা। আমি যদি ঐ বলটা আবারও পেতাম! এ নিয়ে দ্বিতীয় বার আমি এভাবে আউট হয়েছি। আশা করি, ভবিষ্যতে আমি এভাবে আউট হব না।’ স্বীকৃত ব্যাটসম্যান না হলেও ব্যাট হাতে জশুয়াকে দারুণ সঙ্গ দিয়েছেন আলজারি জোসেফ। গতকাল তিনি বলেছেন, ‘সেঞ্চুরি না পাওয়াটা হতাশাজনক। কিন্তু আমি আমার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করছি। রানটা (সেঞ্চুরি) করার জন্য আমার আরো সুযোগ আসবে।’

চট্টগ্রামের মতোই ঢাকায় জমাট ব্যাটিং করেছেন জশুয়া। স্পিনের বিপক্ষে দারুণ সফল এ ডানহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। চট্টগ্রামে ৪২ ও ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। গতকাল বাংলাদেশকে হতাশায় পুড়িয়ে ১৮৭ বল খেলেছেন, ৪৯.২০ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি।

তাইজুল-মিরাজদের বিরুদ্ধে নিজের সফলতার রহস্য জানাতে গিয়ে জশুয়া বলেছেন, ‘আমি বরাবরই স্পিনের বিপক্ষে ভালো খেলোয়াড়। লো বাউন্সের উইকেটে মানিয়ে নিয়েছি। কন্ডিশন ভিন্ন হলেও কিন্তু কিছুটা হোম কন্ডিশনের মতোই। দ্রুত লেন্থটা ধরতে পারি।’

আজ বাকি ৬ উইকেট নিয়ে দ্রুত বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। ২২ বছর বয়সি এ ক্রিকেটার বলেছেন, ‘আমরা এগিয়ে আছি। কিন্তু আমরা এটাকে হালকাভাবে নিচ্ছি না। প্রথম ইনিংসের বাকি উইকেটগুলো নিতে হবে এবং পরে আশা করি ম্যাচ জেতার জন্য বাকি উইকেটগুলো নিব।’