সিরাজদিখানে ২৫ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সেতু নির্মাণের উদ্দেশ্যে ছয়টি পিলার নির্মিত হয়েছে প্রায় ২৫ বছর আগে । কিন্তু সিরাজদিখান উপজেলার জৈনসার এলাকায় পোড়াগঙ্গা নদীর ওপর সেতুটি আজও নির্মাণ হয়নি। জানা যায়, এলজিইডির অর্থায়নে সেতুর কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ছয়টি পিলার তৈরির পর সেতুটি নিচু হওয়ায় এলাকাবাসীর বাধায় কিছুদিন বন্ধ থাকে কাজ। বেশি উচ্চতায় নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার। তারপর সে স্থানে আর সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, এখানে সেতুটি নির্মাণ হলে দুই উপজেলার বাসিন্দা উপকৃত হতো। সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, পুরোনো নথি খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।