মানিকগঞ্জ প্রতিনিধি
জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মনির উদ্দিন। তার বাড়ির সামনে প্রভাবশালীরা সরকারি জমিতে ঘর তুলেছেন। ফলে তার কৃষিজমিতে বর্ষা মৌসুমে পানি প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়। গণশুনানিতে জেলা প্রসাশক এস এম ফেরদৌস মুহূর্তেই সমস্যার সমাধান করে দিয়েছেন বলে তিনি জানান। অনেকেরই অভিজ্ঞতা অনুরূপ। সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে অংশ নেওয়া ভুক্তভোগীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়। গত বুধবার গণশুনানিতে ২৫টি অভিযোগের সমাধান করেন জেলা প্রশাসক। দীর্ঘ দিনের পুঞ্জিভূত সমস্যা অল্প সময়ে সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। জেলা প্রশাসক বলেন, শুনানিতে উভয় পক্ষের কাছে সরাসরি সমস্যার বিষয় জেনে তা দ্রুত সময়ে সমাধান করা হচ্ছে। ফলে দিন দিন এর ব্যাপকতা বাড়ছে।