সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ফাতেমা আক্তার (প্রিয়া) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার চান্দহর ইউনিয়নের চর ফতেহপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে এবং সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল তালপট্টির রিপন মিয়ার স্ত্রী। গতকাল শুক্রবার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, স্বামীর সঙ্গে কলহের জের ধরে এসিড পান করেন প্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু হয়। ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মাহাবুর রহমান মিঠু বলেন, তিনি লোকমুখে শুনেছেন প্রিয়া নাইট্রিট এসিড পান করে মারা গেছেন। এ ব্যাপারে থানার পুলিশ উপপরিদর্শক মাসুদ রানা শামীম বলেন, নিহতের মুখে ফোসকার দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।