শ্যামনগরে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকার মালামাল লুট

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে চেতনানাশক দ্রব্যমিশ্রিত খাবার খাইয়ে ব্যবসায়ীর  নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি গ্রামে কাঁকড়া ব্যবসায়ী বিকাশ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকাশ মণ্ডল ও স্ত্রী লক্ষ্মী রানী মণ্ডল এবং কলেজপড়ুয়া কন্যা নিবেদিতা মণ্ডল গুরুতর অসুস্থ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।

পরিবারের সদস্য সৌভিক ও সঞ্জীব জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে খাদ্যে বিষক্রিয়ায় সবাই অচেতন হয়ে পড়ে। এ সুযোগে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত কাঁকড়া বিক্রয়ের নগদ ৭ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে।

সকালে বিষয়টি বুঝতে পেরে তাদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক ডা. পলাশ জানান, তারা শঙ্কামুক্ত। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।