আলজাজিরার অপপ্রচারের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে -------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আলজাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে আরো বলেন, অতীতেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। আলজাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা প্রমাণিত হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল, এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ় ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান ওবায়দুল কাদের। ১১ ফেব্রুয়ারি বসুরহাট পৌর মেয়রের গাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই চট্টগ্রাম       রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার ও ফেনীর পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ওবায়দুল কাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, দলীয় অফিসে কোনো নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার দৃষ্টান্ত নেই, কাউকে সাংগঠনিক প্রয়োজন হলে অফিস থেকে এসএমএস অথবা ফোন করে ডাকা হয়। আওয়ামী লীগের যেসব শাখায় সাংগঠনিক সংকট রয়েছে সেসব শাখায় ২১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে।