আশার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৬-০৭) কৃষি, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা মো. সফিকুল হক চৌধুরী বৃহস্পতিবার দিবাগত রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন) শুক্রবার বাদ জুমা শ্যামলী শিশুপল্লি জামে মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। মো. সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করেন— যা এখন শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব জুড়ে সুনামের অধিকারী। এছাড়া, তিনি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস এবং হোপ ফর দ্য পুওরেস্ট প্রতিষ্ঠা করেন। তিনি আশা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন— যা বর্তমানে এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩টি দেশে কাজ করছে।
সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে দেশে এবং বিদেশের অসংখ্য গুণগ্রাহী শোকাহত।