দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে, যা ২৮২ দিনের মধ্যে সর্বনিম্ন। সবশেষ গত বছরের ৬ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সে দিন ৩ জনের মৃত্যুর খবর এসেছিল। গতকাল শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া পাঁচ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে।
আর গত ২৪ ঘণ্টায় আরো ৪০৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৪২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১০টি ল্যাবে ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ।