রাজশাহী মহানগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি বসানো হয়েছে। সড়কের মাঝে পোলগুলোতে দিনের বেলা দেখে মনে হয় প্রজাপতি বসে আছে। রাতের বেলা সেই প্রজাপতির ডানায় জ্বলে ওঠে ঝলমলে আলো। দৃষ্টিনন্দন এই প্রজাপতি বাতিতেই আলোকিত হয় সড়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর মোড়ে সড়ক জুড়ে নান্দনিক আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, উন্নত বিশ্বের শহরগুলোর ন্যায় দেশে প্রথম রাজশাহীর ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে এ ধরনের দৃষ্টিনন্দন বাতি সংযোজিত হলো। বসানো হয়েছে ১৭৪টি পোল। প্রতিটি পোলে ৩৪৮টি এলইডি বাল্ব প্রজাপতির মতো ডানা মেলে রয়েছে। বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে। বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক আলোকায়নে ব্যয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকা।
অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, বাইরের দেশ থেকে আমদানি করা সুদৃশ্য পোল ও লাইট সংযোজন করা হয়েছে। এরকম সুদৃশ্য পোল ও বাতি বাংলাদেশের আর কোনো শহরে দেখিনি। এইসব সড়কবাতি শুধু আলো আর নিরাপত্তা বাড়াবে তা নয়, সাথে সৌন্দর্যও বৃদ্ধি করবে। মেয়র আরো বলেন, উপশহর থেকে মালোপাড়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ শেষ পর্যায়ে। আলিফ লাম মিম ভাটা থেকে বিহাস পর্যন্ত সড়ক নির্মাণ শেষ হয়েছে। এছাড়া আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এই সড়কগুলোতেও দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হবে। পদ্মাপাড়ে দৃষ্টিনন্দন দুটি ওভারব্রিজ করা হয়েছে। ব্রিজ দুইটিতে গ্রাফিতি করা হচ্ছে। নানা রঙে আলপনায় রঙিন করা হচ্ছে শহরটি। এভাবেই রাজশাহীকে অন্যতম দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা হবে।