মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং বিক্ষোভ না করে সেনাবাহিনীর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও গতকাল বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থিরা।
তারা অং সান সু চিসহ বেসামরিক সরকারের সব নেতার মুক্তি দাবি করেছেন। মাবলামিন শহরে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করেছে। মাবলামিন শহরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে রেড ক্রস জানিয়েছে। এতে তিন বিক্ষোভকারী আহত হয়েছে। এছাড়া ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে গতকাল।
এদিকে মিয়ানমারের ৩০০ এমপি জাতিসংঘকে লেখা এক চিঠিতে মিয়ানমারের সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
মিয়ানমার সরকার ইউনিয়ন ডে উপলক্ষ্যে ৫৫ বিদেশিসহ ২৩ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মান্দালয়ের ছাত্র অধিকারকর্মী তায়েজার সান বলেন, তিনি আশঙ্কা করছেন, মুক্তি পাওয়া এসব ব্যক্তি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে পারে
সে জানায়, এসব মানুষের অতীত ইতিহাস ভালো নয়। ১৯৮৮ সালেও সামরিক জান্তা তাদের পক্ষের মানুষগুলোকে মুক্তি দিয়েছিল এবং পরবর্তী সময়ে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছিল। ঐ সময় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল বিক্ষোভে অংশ নিয়ে।
ইত্তেফাক/এসআর