সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি শুক্রবার এ তথ্য জানান। তিনি জানান, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।
জেনারেল সারিয়ি জানান, সৌদি ঘাঁটিতে হামলার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনের এ সেনা কর্মকর্তা পরিষ্কার করে বলেন, সৌদি আরব যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনিদের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে।
এর কয়েকদিন আগে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্তদরে ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
ইত্তেফাক/এসআর