ক্যান্সার আক্রান্তের নাটক, অর্ধকোটি টাকা অনুদান তুলে ধরা খেলেন নারী 

ডিম্বাশয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার নাটক সাজিয়ে প্রায় অর্ধকোটি টাকা অনুদান তুলেছেন এক নারী। এই ঘটনা যুক্তরাজ্যের। 

জানা যায়, ব্রিটেনের ওই নারী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এই কাণ্ড ঘটান। তবে শেষরক্ষা হয়নি তা। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নিকোল এলকাব্বাস নামে ওই নারীকে।  দীর্ঘদিন ধরে শুনানির পর তাকে দুই বছর নয় মাসের জেল দিয়েছে আদালত।   

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোল গোফান্ডমি নামে ফান্ডরেইজিং ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে অর্থ জোগাড় করার পরিকল্পনা করেন। এরপরই ওই ওয়েবসাইটের মাধ্যমে জানায়, সে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছে। তিনবার অপারেশন এবং ছয় বার কেমোথেরাপি হয়েছে তার। স্পেন থেকে একটি ওষুধ আনতে প্রয়োজন ৫২ হাজার পাউন্ড দরকার।

এরপর ‘নিকোল নিডস আওয়ার হেল্প ট্রিটমেন্ট’ নামে একটি পেজ খোলা হয়। এরপরই আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব, অনেকেই নিকোলকে সাহায্য করতে এগিয়ে আসেন। দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছেও যায় ওই নারী। 

তবে শেষমেশ প্রকাশ্যে আসে সত্যিকারের ঘটনা। জানা যায়, নিকোল ক্যানসারে আক্রান্ত নয়। নিজের বিলাসবহুল জীবনযাত্রা পালনের জন্যই এই কাজ করেছে সে। এমনকী ওই টাকার সাহায্যে টটেনহাম হটস্পারেরর একটি ম্যাচের টিকিটও কাটে সে। সেটিও আবার ভিআইপি বক্সের। যার দাম কয়েক লাখ টাকা।

তবে পরবর্তীতে তার এই কীর্তি প্রকাশ্যে চলে আসে। এরপরই আদালতে মামলা দায়ের হয়। ২ বছর ৯ মাসের সাজা দেয় আদালত।  

ইত্তেফাক/এসআর