শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, সাংবাদিক, প্রজন্ম '৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আমির হোসেন আমুর শোক
সাংবাদিক শাহীন রেজা নূর -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এক শোক বার্তায় আমির হোসেন আমু বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে জাতি একজন গুণী ব্যক্তিকে হারালো।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূরে আলম সিদ্দিকীর শোক
শাহীন রেজা নূর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূরে আলম সিদ্দিকী। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘শাহীন রেজা নূর আমার সন্তানপ্রতিম। সত্যনিষ্ঠা, গভীর দেশপ্রেম ও সমাজের প্রতি এমন দায়বদ্ধ সাংবাদিক এই সময়ে বিরল। কীর্তিমান এই যোগ্য মানুষের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শাহীন রেজা নূরের নিরলস লড়াই এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণআন্দোলনে তাঁর ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।’
নূরে আলম সিদ্দিকী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নতুনধারা বাংলাদেশের শোক
ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর-এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এক শোক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সাংবাদিক শাহীন রেজা নূর যুদ্ধাপরাধী সমর্থকগোষ্ঠির আতঙ্ক ছিলেন। একইসঙ্গে ছিলেন বাবা সিরাজুদ্দীন হোসেন-এর মত সাহসী তথ্যযোদ্ধা। তিনি কখনো ভয় পাননি, যুদ্ধাপরাধী বা তাদের সমর্থকদের রক্তচক্ষুকে কখনো ভয় করেননি তিনি। যে কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার কিছুটা হলেও হতে দেখেছি।’
শাহীন রেজা নূর ইত্তেফাকের সাবেক নিবাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন -এর সন্তান, সাংবাদিক এবং প্রজন্ম ‘৭১ -এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন প্রবাসী এই সাংবাদিক। গত ১১ ফেব্রুয়ারি তাকে কানাডার ভ্যাংকুভার শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইত্তেফাক/কেকে