ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ

কুমিল্লার গৌরীপুর পশ্চিম বাজারে দাউদকান্দি পশু হাসপাতাল ও ভূমি অফিস সংলগ্ন ঈদগাহ মাঠের পূর্বের ফাঁকা জায়গায় বাজারের সব ধরনের ময়লা ফেলার কারণে এলাকাটি দুর্গন্ধময়। এই ময়লার স্তূপের দক্ষিণের রাস্তা দিয়ে পশু হাসপাতাল, ভূমি অফিস, গৌরীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, পোস্ট অফিস ও পশ্চিম বাজার মসজিদে যেতে হয়। আর উত্তরের রাস্তা দিয়ে যেতে হয় আকবর আলী খান বাণিজ্য কলেজ, উইজডম স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংকে। আশেপাশে অনেক জনগুরুত্বপূর্ণ অফিস, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক থাকার পরেও ফাঁকা জায়গাটিতে ময়লা জমতে জমতে বিরাট স্তূপে পরিণত হয়েছে। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করে গৌরীপুর বাজারকে ময়লামুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান, গৌরীপুর বাজার, কুমিল্লা