‘খবর ছেপে লাভ নেই’

সোনারগাঁওয়ে মেঘনা শিল্প নগরীর ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু ফেলে মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে এক জাপা নেতার বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা রফিকুল ইসলাম ও তার ছেলে শাহাদাত হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার নদীর তীর ঘেঁষে বিদ্যুেকন্দ্রের পাশে মেঘনা নদী রক্ষায় সিমেন্টের ব্লক ও পাথর সরিয়ে এ নদী দখল করা হচ্ছে। ঐ স্থানে বালু ফেলার সময় অর্ধশত সন্ত্রাসী নিয়ে স্পিডবোটের মাধ্যমে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা নদীতে মহড়া দেন বলে জানিয়েছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি থেকে সদ্য জাতীয় পার্টিতে যোগদান করা সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি রফিকুল ইসলাম ও তার ছেলে শাহাদাত হোসেন একটি কোম্পানির পক্ষে নদী দখল করে এ বালু ভরাট করছেন।

রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তবে তার ছেলে একটি কোম্পানির কার্যাদেশ নিয়ে কাজ শুরু করেছে বলে স্বীকার করেন। বাধা দেওয়ার পর মীমাংসার জন্য কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। শাহাদাত হোসেন বলেন, খবর ছেপে কোনো লাভ হবে না বলে বিষয়টি উড়িয়ে দেন।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না বলেন, কোনোভাবেই নদীর জায়গা দখল করতে দেওয়া হবে না। সত্যতা নিশ্চিত হওয়ার পর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।