কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক ইঞ্জিন টেকনিশিয়ান নিহত হয়েছেন। তার নাম শরিফুদ্দিন হারুন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন লোকোশেডে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানান, গতকাল সকালে লোকোশেডে একটি ইঞ্জিন মেরামতের কাজ চলছিল। তারা দুই জনসহ আরো কয়েক জন কাজ করছিলেন। এমন সময়ে আরেকটা ইঞ্জিন হঠাত্ চলে আসায় সেটির সঙ্গে শরিফুদ্দিনের ধাক্কায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। জানা গেছে, শরিফুদ্দিনের বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তবে শরিফুদ্দিন বর্তমানে পরিবার নিয়ে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় বসবাস করতেন।