হাতির পিঠে চড়ে বাল্যবিবাহ!

হাতির পিঠে চড়ে বিয়ের আসরে পৌঁছলেও কনেকে নিয়ে হাতির পিঠে তুলে নিজ বাড়িতে আসতে পারেনি বর। কনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ আসার খবরে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল সবাই। পরে হাতি নিয়ে মাহুত ফিরে আসে সার্কাসে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে। ঐ গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তারের (১৬) বিয়ে ঠিক হয় নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের ঠকটারি গ্রামের বদ্দু খানের ছেলে হোটেল শ্রমিক সম্রাটের সঙ্গে। সার্কাসের একটি হাতি ভাড়া নিয়ে বর সেজে রওনা দেয় সম্রাট। হাতিটি ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারের ভেতর দিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে কনের বাড়িতে যাওয়ার সময় উত্সুক জনতার অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। ঘটনাটি দ্রুত জানাজানি হয়।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফর রহমান বাবু বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত করে জানান, হাতির পিঠে চড়ে আসা বর সম্রাটের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে এমন সংবাদে গ্রাম পুলিশকে বিয়ে বাড়ি পাঠিয়ে ঘটনার সত্যতা পাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, পুলিশ গিয়ে বিয়ে বাড়িতে কাউকে পায়নি। তবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার আগেই বিয়ে সম্পন্ন করে উভয় পক্ষ সটকে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিয়ের আনুষ্ঠানিকতাও দেখা যায়নি।