বোরহানউদ্দিনে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহাগ (২৫)। দুর্ঘটনায় আহত সোহাগের স্ত্রী সাথী ভোলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সোহাগ উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। প্রত্যক্ষদর্শী জাকির হোসেন ও কামাল হোসেন জানান, সোহাগ ও সাথী মোটরসাইকেলে ঘুরতে বের হন। সন্ধ্যায় টবগী ইউনিয়নের নিজ বাড়িতে ফেরার পথে আবুল বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক সোহাগকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্বশুর মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার মিলন ব্যাপারী জানান, মাত্র আট দিন আগে তার মেয়ের সঙ্গে সোহাগের বিয়ে হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি বশির আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।