নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি কারিগরি শিক্ষাবোর্ড থেকে ছয় মাস মেয়াদি ‘ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি’ শিক্ষার্থীদের নার্স হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। জয়পুরহাট স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফারি সম্মিলিত পরিষদের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। আধুনিক জেলা হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থী নার্সরা।
মধ্যপাড়া পাথর খনিশ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা পার্বতীপুরে মধ্যপাড়া পাথরখনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন সন্তানকে জানুয়ারি মাসের শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে। শুক্রবার সমাজকল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে এ উপবৃত্তির টাকা দেওয়া হয়। পরে নন এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চলতি ফেব্রুয়ারি মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী।
নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ব্রিফিং প্যারেড
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা চতুর্থ ধাপে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পৌর নির্বাচনের লক্ষ্যে শনিবার ত্রিশালে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ময়মনসিংহের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম প্রমুখ।
ভিশন-২০২১ বাস্তবায়নে আলোচনাসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে ভিশন-২০২১ বাস্তবায়নে চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্টা ও নির্বাহী সদস্যদের নিয়ে আলোচনাসভা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে চিলপাড়া কাবাব হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী এমদাদুল হক কামাল। সভাপতিত্ব করেন উপদেষ্টা ও চিওড়া ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক।
পাইকগাছায় নিসচার মানববন্ধন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় শনিবার নিরাপদ সড়ক চাই দক্ষিণ অঞ্চল কপিলমুনি শাখা মানববন্ধন করেছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে বাজারের প্রাণকেন্দ্রে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মাদারগঞ্জ পৌর নির্বাচনে দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তারা হলেন ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শওকত আলী ও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাসানুজ্জামান সাগর। শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর এ ঘোষণা দেন। ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. শওকত আলীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়হান জুয়েল হলফনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে হাসানুজ্জামান সাগরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত আবু বক্কর তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন আজ
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। চাটখিল পৌরসভায় ১০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। সোনাইমুড়ীর ৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে।