কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্কে তিনটি প্রতিষ্ঠান কর্তৃক হোটেল ও পর্যটন সুবিধা নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার পার্কটিতে আনুষ্ঠানিকভাবে গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার লিমিটেড, গ্রিন অরচার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং সানসেট বে লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেলুর রহমান, গ্রিন অরচার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং সানসেট বে লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক আহমেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবরাং ট্যুরিজম পার্কের মাস্টারপ্ল্যান সংক্রান্ত সভায় দ্রুত পর্যটন আকর্ষণে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের নির্দেশনা প্রদান করেন। বিনিয়োগকারীদের উত্সাহের পরিপ্রেক্ষিতে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করা হয়।
বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার লিমিটেড তিন একর জমিতে প্রায় ৬০ লাখ ডলার বিনিয়োগে পর্যটনবান্ধব বিভিন্ন স্থাপনা গড়ে তুলবে। এর মধ্যে রয়েছে, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, প্যারাসেইলিং, জেট স্কিইং, প্যাডেল বোর্ডিং, বিচ ভলিবল, বিচ বোলিং ইত্যাদি। গ্রিন অরচার্ড হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড দেড় একর জমিতে প্রায় ৭৫ কোটি ডলার বিনিয়োগে গড়ে তুলবে ২১০টি রুম বিশিষ্ট থ্রি স্টার হোটেল, রিক্রিয়েশন সেন্টার এবং কনভেনশন সেন্টার। সানসেট বে লিমিটেড এক একর জমিতে প্রায় ১ কোটি ৯২ লাখ ডলার বিনিয়োগে ৩৭০টি রুম বিশিষ্ট ৫ তারকা হোটেলসহ পর্যটনবান্ধব স্থাপনা তৈরি করবে।
সাবরাং ট্যুরিজম পার্কে ইতিমধ্যে ১২টি প্রতিষ্ঠানের বিনিয়োগ অনুমোদন পেয়েছে, যার মাধ্যমে ২৪ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ হবে এবং প্রায় ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে বেজা। উল্লেখ্য, সাবরাং ট্যুরিজম পার্কটি বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত, যার আয়তন ১০৪৭ একর।