গত ১৪ মাসে ওপেনারদের থেকে কোনো সেঞ্চুরি পাচ্ছিল না ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অবশেষে সেই বিরতি ভাঙলেন রোহিত শর্মা। তার দুর্দান্ত সেঞ্চুরিতে চেন্নাইয়ে প্রথম দিন শেষে শক্ত ভিত গড়েছে স্বাগতিকরা।
প্রথম টেস্টে শোচনীয়ভাবে ২২৭ রানে হারের পর দ্বিতীয় টেস্টে গ্যালারিতে দর্শকের সমর্থন পেয়ে যেন জেগে ওঠল ভারত। ৬ উইকেটে কাটায় কাটায় ৩০০ রানে দিন শেষ করে তারা।
অথচ টস হারলেও দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগেই ৮৬ রানে তুলে নেয় তিন উইকেট। যেখানে সবচেয়ে মূল্যবান ছিল বিরাট কোহলির উইকেটটি। রানের খাতা খুলার আগেই ফিরতে হয় তাকে। ডম বেসের পরিবর্তে দলে আসা মঈন আলীর বলে ড্রাইভ করার লোভ সামলাতে না পেরে লেগ স্টাম্প হারান ভারতীয় অধিনায়ক। ক্ষণিকের জন্য কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত রিপ্লে দেখেই মাঠ ছাড়তে হয় তাকে।
এরপর সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে নিয়ে দলের হাল ধরেন রোহিত। কোনো বিঘ্ন ছাড়াই টেস্ট ম্যাচে নিয়ে আসেন ওয়ানডের রোমাঞ্চ। আগ্রাসী মানসিকতা দেখিয়ে অনায়াসেই তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। দারুণ গতি ডাবল সেঞ্চুরির পথে ছুটলেও শেষ পর্যন্ত ১৬১ রানে থামতে হয় তাকে। ২৩১ বলে ১৮ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসটি বাহাতি স্পিনার জ্যাক লিচের বলে মঈন আলীর হাতে তালুবন্দি করান তিনি।
চতুর্থ উইকেটে ১৬২ রানের জুটি ভাঙার বিদায় নেন ফিফটি করা রাহানেও (৬৭)। কিছুক্ষণ পর রবিচন্দ্রন অশ্বিন (১৩) চলে গেলে জাগে বিপর্যয়ের শঙ্কা। তবে অভিষিক্ত অক্ষর প্যাটেলকে (৫) নিয়ে বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেন ঋষভ পন্ত (৩৩)। ইংলিশদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন দুই স্পিনার মঈন ও লিচ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩০০/৬ ৮৮ ওভার (রোহিত ১৬১, পুজারা ২১, কোহলি ০, রাহানে ৬৭, পন্ত ৩৩*, প্যাটেল ৫*; মঈন ১১২-২, লিচ ৭৮-২, রুট ১৫-১, স্টোন ৪২-১)