ব্যাটিং বিপর্যয়ের চাপ কাটিয়ে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ভালোই ঘুরে দাঁড়াচ্ছিল বাংলাদেশ। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ান রাকিম কর্নওয়াল। ক্যারিবিয়ান এই অফ স্পিনার একাই নেন পাঁচ উইকেট। যার ফলে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
১১৩ রানের লিড পেয়ে গতকাল তৃতীয় দিন পর্যন্ত সেটা ১৫৪-তে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে হারাতে হয়েছে তিন উইকেট। তাই বলে বাংলাদেশকে বড় লক্ষ্য দেওয়ার ব্যাপারে আশা হারাচ্ছে না তারা। চালকের আসনে থাকা কর্নওয়াল মনে করেন, লিড ৪০০ পেরোলেই জয়ের বাকি কাজটা করতে কঠিন হবে না তাদের।
কর্নওয়াল বলেন, ‘আমার মনে হয়, আমরা চালকের আসনে আছি। কালকের (আজ) দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ঘণ্টায় আমাদের ভালো ব্যাট করতে হবে, পাশাপাশি লাঞ্চের আগে পর্যন্ত ভালো অবস্থায় থাকতে হবে আমাদের। তাহলেই বাংলাদেশকে ভালো লক্ষ্য দিতে পারব। ৪০০ বেশি রান হলে সেটা আমাদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে।’
ঢাকার উইকেট এখনো পর্যন্ত বোলারদের হয়ে খুব একটা কথা বলেনি। তার পরও জায়গামতো বল করে সেখানে সফল রাকিম। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে শিকার করেন পাঁচ উইকেট। এমন উইকেটে সফল হওয়ার নেপথ্যে রাকিমের ভাষ্য, ‘পাঁচ উইকেট নিলে সবসময়ই ভালো লাগে। পরিকল্পনা খুবই সোজা, ধৈর্য ধরে সঠিক জায়গায় বল করতে হবে। উইকেটে বাড়তি বাউন্স আছে, সেটাই কাজে লাগিয়েছি আমি।’