দেশের ক্রিকেটের বর্তমান অবস্থানে আসার পেছনে রয়েছে বহু মানুষের নিঃস্বার্থ ঘাম-শ্রম, ত্যাগ, অমূল্য ভালোবাসা। নিরলসভাবে অবদান রেখেছেন খেলোয়াড়, সংগঠক, কোচ, মাঠকর্মী, সাংবাদিকসহ অনেকে। ক্রিকেটাঙ্গনের সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পিচ ফাউন্ডেশন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন। যাত্রা শুরুর দিনেই ১০ ক্রিকেট ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্মাননা পাওয়া ব্যক্তিত্বরা হলেন—আবাহনীর প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে মরহুম শহিদ শেখ কামাল, সাবেক নির্বাচক ড. মাজহারুল ইসলাম দামাল, সাবেক কোচ চাঁন্দ খান, সাবেক কোচ ও আম্পায়ার বজলুর রশিদ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক মাঠকর্মী এম এ লতিফ, সাবেক অধিনায়ক শামীম কবির, সংগঠক মোজাফফর হোসেন পল্টু, সাবেক আম্পায়ার সৈয়দ আব্দুল আহাদ ঝুনু ও সাবেক কোচ আব্দুল হাদী রতন। আব্দুল হাদী রতন ও সৈয়দ আব্দুল আহাদ ঝুনুকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে পিচ ফাউন্ডেশন।