সাংবাদিককে ‘হুমকি’ দেওয়ায় হোয়াইট হাউজের উপ-প্রেস সচিব সাত দিনের জন্য বরখাস্ত

ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করায় হোয়াইট হাউজের উপ-প্রেস সচিব টি জে ডকলো এক নারী সাংবাদিককে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় ডকলোকে সাত দিনের জন্য বিনা বেতনে বরখাস্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের উপ-প্রেস সচিব টি জে ডকলো সম্প্রতি পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন। পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কাজ করছেন। শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব জানান, ঐ ঘটনার পর ডকলো সাংবাদিক পামেরির কাছে ক্ষমা চেয়েছেন। শুক্রবার এক টুইটে তিনি লেখেন, ‘ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।’ এক সপ্তাহের জন্য বিনা বেতনে বরখাস্ত করা ছাড়াও কাজে ফেরার পর ডকলো আর কখনো পলিটিকোর রিপোর্টারদের সঙ্গে কাজ করতে পারবেন না বলেও জানান তিনি। এ বিষয়ে ডকলো ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করেননি।

ডকলোর সঙ্গে এক্সিওসের সাংবাদিক আলেক্সি ম্যাককমান্ডের সম্পর্কের গুঞ্জন নিয়ে কাজ করছেন পামেরি। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে ডকলোকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়, পামেরিকে ফোন করে ডকলো বলেছেন, ‘আমি আপনাকে ধ্বংস করে দিব।’ তিনি ফোনে আরো অবমাননাকর এবং উদভ্রান্ত কথা বলেছেন বলেও ঐ প্রতিবেদনে দাবি করা হয়।