যার যার খুশিমতো বক্তব্য প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ :কাদের

আজ রবিবার ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে এলাকা থেকে চলে যান।’ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের ২ নম্বর ওয়ার্ডের গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেন। তার ঐ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মাহমুদা বেগমের এই বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার বক্তব্যের অডিও-ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোনো অরাজনৈতিক বক্তব্য যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা           নেবে। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যার যার খুশি মতো বক্তব্য কোনোভাবেই প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ। গতকাল শনিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, বিএনপির একদিকে নির্বাচনবিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে।

ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমতো রচনা করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে।