বুড়িগঙ্গায় নৌবিহারে র্যাবের অভিযান

বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি লঞ্চ থেকে অসামাজিক কার্যকলাপ, জুয়া ও মাদক গ্রহণের অভিযোগে র্যাব শনিবার ৯৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় এমভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চও জব্দ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর অধিনায়ক মাহফুজুর রহমান।

র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ঢাকা থেকে চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ হবে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের কয়েক জন সদস্য সাধারণ যাত্রী বেশে সদরঘাট থেকে ঐ লঞ্চে উঠেন। পরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গোদারাঘাট অভিযান চালিয়ে চাঁদপুরগামী বিলাসবহুল লঞ্চ এমভি রয়েল ক্রুজ-২ আটক করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৯ নারী এবং মাদক বিক্রয় ও জুয়া খেলার দায়ে ৪৭ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় লঞ্চে তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা, ১০৫ লিটার চোলাই মদ, দুই লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা, ৮৩২ পিস            তাস, ৩০ পিস ছবি, একটি ব্যানার, দুটি জি-লুব্রিকেটিং জেল ও ৩ লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়।

র্যাব আরো জানায়, লঞ্চে অভিযানের পরে মাদক বিক্রির দায়ে সাত জনকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৫ লিটার চোলাই মদ, দুই লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার দেখানো হয়। ১০ জনকে জুয়া খেলার দায়ে ৮৩২ পিস তাস, ৩০ পিস ছবি, একটি ব্যানার ও নগদ ৩ লাখ ৫২ হাজার টাকাসহ গ্রেফতার দেখানো হয়। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে ৭৯ জনকে দুটি জি-লুব্রিকেটিং জেল, দুই বোতল ভিগোসা শরবত, এক বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, এক বোতল শুভ আজমেরী গোল্ড সিরাপসহ গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন, ঢাকায় ক্যাসিনো ক্লাবগুলো বন্ধ থাকায় এই অসাধু ব্যক্তিরা অভিনব উপায়ে নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে মাদক বিক্রি, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।