এবার শিশুদের ওপর করোনার টিকার ট্রায়াল দেবে অক্সফোর্ড

বিশ্বে এই প্রথম শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শিশুদের ওপর করোনা টিকার কার্যকারিতা এবং সুরক্ষার বিষয়গুলো খতিয়ে দেখতে শনিবার অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার পরীক্ষা শুরু হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ই-মেল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই মধ্যপর্যায়ের ট্রায়াল নির্ধারণ করবে যে, এই ভ্যাকসিনটি ৬-১৭ বছর বয়সিদের মধ্যে কার্যকরী হবে কি না। এর জন্য ৩০০ স্বেচ্ছাসেবকের নাম নথিভুক্ত করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, চলতি মাসেই তাদের অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। সংস্থার দাবি অনুযায়ী, তাদের তৈরি ভ্যাকসিনটি বিশ্বজনীন। অন্যান্য সংস্থার তৈরি করোনা ভ্যাকসিনের থেকে তা অনেকটাই সস্তা। চলতি বছরে অ্যাস্ট্রাজেনেকা ৩০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির লক্ষ্য            নিয়েছে। এপ্রিল থেকে প্রতি মাসে কমপক্ষে ২০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করার কথা জানানো হয়েছে।

এ দিকে ভারতেও চলছে একই রকমের তোড়জোড়। নাগপুরের একটি নামকরা হাসপাতালে শিশু-কিশোরদের ওপর কো-ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে ভারত বায়োটেক। ২-১৮ বছর বয়সি শিশু-কিশোরদের বেছে নেওয়া হবে এই পরীক্ষার জন্য। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছ   থেকে আনুষ্ঠানিক অনুমোদনও পেয়ে গিয়েছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি। —বিবিসি