সমাধান হয়েও হচ্ছে না নার্সিং নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ‘পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড নার্সসহ নার্সিং শিক্ষার্থীরা। তাদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনস্থ স্বীকৃতপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রিপ্রাপ্ত নার্স ছাড়া অন্য কোনো জায়গা থেকে নার্স তৈরি করে হাসপাতালে দেওয়া যাবে না। কারণ এতে ভুল চিকিত্সার হার ব্যাপক হারে বেড়ে যাবে।
সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস অ্যালোকেশন অনুসরণ না করে এবং বিএনএমসির আইন-বিধান ভঙ্গ করে ভিন্ন কোর্স, ভিন্ন নাম, ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, ভিন্ন কারিকুলাম, ভিন্ন বিভাগ, ভিন্ন নীতিমালা এবং সর্বক্ষেত্রে কম যোগ্যতার কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা নার্স সমমান করার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা মিডওয়াইফারি সমমান করার চক্রান্তের প্রতিবাদে আজ রবিবার সারা দেশে নার্সরা কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করবেন। সারা দেশে সব সরকারি হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি পালন করা হবে। ১৪-১৬ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করা হবে। পরে সাংবাদিক সম্মেলনে পরবর্তী সময় কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিশেষজ্ঞরা বলেন, বর্তমান সরকার নার্সদের আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন্ট্রি পয়েন্টে নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিয়েছেন। অথচ প্রধানমন্ত্রীর উদ্যোগের বাইরে গিয়ে এই ধরনের হটকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে চিকিত্সাসেবায় অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে।