হবিগঞ্জে পৌরসভা নির্বাচন

বিদ্রোহী প্রার্থীহওয়ায় দল থেকে বহিষ্কার মেয়র মিজান

হবিগঞ্জে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়। শনিবার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তার সঙ্গে থেকে কাজ করেন তবে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।