অবশেষে দীর্ঘ জটিলতার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর আধুনিকায়ন ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। ১২৪ কোটি টাকা ব্যয়ে ২২ দশমিক ১০ একর ভূমিতে এ প্রকল্প বাস্তবায়িত হবে। সংস্লিষ্ট সূত্র জানায়, আগামী দুবছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এ প্রকল্পের কাজ সমাপ্ত হলে বিয়ানীবাজার তথা সিলেট অঞ্চলের জন্য বিনিয়োগের ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি হবে। শেওলা স্থলবন্দরের উন্নয়মূলক কাজের মধ্যে রয়েছে ওয়্যার হাউজ, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, ভবন নির্মাণ, ড্রেন, টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রিজ স্কেল, পানি সরবরাহ, বৈদ্যুতিকীকরণ, ওয়াচ টাওয়ার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে শেওলা স্থলবন্দরের সমস্যা দূর হবে। আমদানি-রপ্তানির সঙ্গে জড়িতরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের কোনাগ্রাম সীমান্ত এলাকার শেওলা স্থলবন্দর আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।