আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ইউপি চেয়ারম্যানসহ ১২ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে। এ হামলায় গুরুতর আহত এক জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন সাইদুল শেখ, সান্টু খান, এনামুল হক ইরান, লতিফ খান ও রনি মৃধা প্রমুখ।
পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম জানান, স্থানীয় ইউপি নির্বাচনকে সামনে রেখে তাদের প্রতিপক্ষ বাইজিদ হোসেনের নেতৃত্বে সিহাব বাহিনীর লোকজন তার স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ খানসহ তার সঙ্গে থাকা লোক জনের ওপর হামলা চালিয়ে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত সাকিল খান জানান, তাদের প্রতিপক্ষ লোকজন কদমতলা বাজারে হঠাত্ তাদের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. ইসতিয়াক আহমেদ জানান, আহতদের মধ্যে এক জনকে উন্নত চিকিত্সার জন্য খুলনায় পাঠানো হয়েছে। অন্য আহতদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।