জনগণের কাছে আওয়ামী লীগ দায়বদ্ধ: রেলমন্ত্রী

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের কাছে আওয়ামী লীগের দায়বদ্ধতা আছে। এ কারণে দেশের জনগণ বার বার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে।’

বুধবার রাতে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত সরকার রেলকে একটি মৃত সংস্থায় পরিণত করেছিল। রেলের হাজার হাজার কর্মীকে চাকরীচ্যুত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আধুনিক সংস্থায় পরিণত করেছেন। নতুন নতুন রেললাইন নির্মাণ, রেল লাইন সম্প্রসারণ সম্প্রসারণের কাজ করে যাচ্ছেন।’

আরো পড়ুন: টেকেরহাটে ভুয়া ডাক্তার কারাগারে, ক্লিনিক মালিককে জরিমানা

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, যুবলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, আবু সারোয়ার বকুল, অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন প্রমুখ।

ইত্তেফাক/অনি