গানে গানে ভালোবাসা দিবস

আজ ফাগুনের প্রথম দিন। ধূসর-বিবর্ণ ধরণী জুড়ে আজ রঙের উৎসব। সঙ্গে যোগ হয়েছে ভালোবাসা দিবসের আরেক রঙ। প্রেম, বিচ্ছেদ ও বন্ধুত্ব। এই তিনটি জিনিসকে উপজীব্য করে ভালোবাসা দিবসকে ঘিরে প্রচার হয়েছে বেশ কিছু গান। সেগুলোর মধ্যে কয়েকটি খবর জেনে নিন।

এবার একসঙ্গে কণ্ঠ দিলেন তানজীর ও দিলশাদ নাহার কনা। ‘তুই মন খারাপের ছুটি’ শীর্ষক গানটি লিখেছেন ওয়াসিক সৈকত। গানটির সুর করেছেন টিএইচ তন্ময় ও তানজীর। গানটি মূলত ভিকি জাহেদ পরিচালিত ‘লাভার্স ফুড ভ্যান’ নাটকের জন্য তৈরি হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে তৌসিফ ও সাফা অভিনীত নাটকটির চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন। আর নাটকটি প্রযোজনা করেছেন টিএইচ তন্ময় ও রাব্বি রাজ। গানটি কোয়ানটাইজ মিউজিক গ্রুপের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়।

ভালোবাসা দিবস উপলক্ষে শিল্পী মিরাজ তুষার ‘উড়ে উড়ে যায় মন’ গানটি রিলিজ পেয়েছে। গানটি পরিচালনা করেছেন বাংলাএক্সেপ্রেস ফিল্মস এর কর্ণধার সাইফুল আলম চৌধুরী। কথা ও সুর করেছেন মাসুদ আহমেদ। এটির নিত্য পরিচালনা করেছেন আর এইচ জামান। এতে মডেল হয়েছেন মারুফ খান ও মালিহা সিনিন। গানটি বাংলাএক্সেপ্রেস ফিল্মস এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে নজরুল রাজ ও ইসরাত জাহান জুঁইয়ে ‘প্রিয় তুই আমার’ শিরোনামে একটি গান। শনিবার সন্ধ্যা ৬টায় (১৩ ফেব্রুয়ারি) ‘ইসরাত জাহান জুঁই’র ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পায়। সংগীতশিল্পী জুঁইয়ের সঙ্গে এই গানে মডেল হয়েছেন নজরুল রাজ।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘সূর্যকন্যা’ শিরোনামে আরো একটি গান। ‘আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া’ এই ছড়াটির আদলে গানটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী শামস তামান্না। বিখ্যাত ছড়াটি থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই। আর গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। যা ভালোবাসা দিবসকে লক্ষ্য করে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারি।

ভালবাসা দিবসে এসেছে ‘ভালবাসার বাজি’ শিরোনামে একটি গান। গানটির কথা লিখেছেন গৌতম রায়, সুর ও সঙ্গীত করেছেন সুস্মিতা সিনহা। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জয় এবং সুস্মিতা সিনহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খোকন কর্মকার এর গল্পও তিনি লিখেছেন। গানটি ইউটিউবে ‘সাউন্ড বিডি’ চ্যানেলে রিলিজ হয়েছে।

ইত্তেফাক/বিএএফ